২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের 'দমননীতির' প্রতিবাদে যুবদলের কর্মসূচি

সরকারের কথিত দমননীতির প্রতিবাদে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কথিত দমননীতির প্রতিবাদে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল। বুধবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্র"য়ারির মধ্যে এসব সমাবেশ করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করীম বাদরু। যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় জাতীয় যুব মহাসমাবেশের আয়োজন করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলাপ করে ওই সময়সূচি নির্ধারণ করতে সংগঠনের সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে পৌর নির্বাচনে সংগঠন থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পক্ষে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সহসভাপতি ফজলুর রহমান, এ এম আই খলিল, আবদুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করীম বাদরু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জম্মেল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৬ ঘ.