গোপালগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্যুবিহীন হরতাল ও অন্দোলন করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, "অচিরেই চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দেশের বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধীদের ব্যাপারে তদন্ত করছে। যাদের বিরুদ্ধে এর প্রমাণ মিলবে তাকেই গ্রেপ্তার করা হবে। কেউ রেহাই পাবে না।"
বুধবার দুপুরে শহরের শিশুবন এলাকায় গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন এ কথা বলেন।
সরকার ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশবাসীর সহযোগিতায় সরকার মানবতাবিরোধী অপরাধের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করবে।
সাহারা বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছিলো। সে হরতাল সফল হয়নি।"
যুদ্ধাপরাধীদের রক্ষায় ও বিচার ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে দাবি করে মন্ত্রী বলেন, তারা সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে ইস্যুবিহীন হরতাল ও আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র রুখতে হবে।
তিনি আরো বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ছয় খুনীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
বর্হিগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার ও যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ।
অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপারিনটেন্ডেট আব্দুল কুদ্দুছ আমীন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জেলা প্রশাসকের কার্যালয়ে বিজিএমইএ ও বিআইএফটি এর মানব সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় স্থাপিত দু'টি প্রশিক্ষণ প্রকল্পের ওভেন, নিটিং ও লিংকিং অপারেটিভ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের ১৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সমাপনী সনদ ও চাকরির নিয়োগপত্র বিতরণ করেন।
বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও ফাতেহাপাঠ করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েটিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24