২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাবিকদের উদ্ধারে ধৈর্য ধরার অনুরোধ

সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধার প্রক্রিয়াটি জটিল- এ কথা উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধার প্রক্রিয়াটি জটিল- এ কথা উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাজের নাবিকদের স্বজনদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি সাংবাদিকদের বলেন, "এটা একটি জটিল প্রক্রিয়া এবং সবার বোঝা উচিত যে এটি একটি সময় সাপেক্ষ বিষয়। "এ নিয়ে আলোচনার জটিল প্রক্রিয়াটির কথা বিবেচনা করে আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি।" দীপু মণি জানান, ২০০৮ সালে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের গড় সময় ছিল ৪৩ দিন, ২০০৯ সালে তা ছিল ৯০ দিন। ২০১০ সালে তা দাঁড়িয়েছে ১৪৩ দিনে। গত ৫ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান মনি কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দুরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এসময় জাহাজটিতে ২৫ জন বাংলাদেশি নাবিক। এদের মধ্যে একজন নাবিক সপরিবারে ছিলেন। দীপু মণি বলেন, "এটি একটি সমন্বিত প্রক্রিয়া। জাহাজটি উদ্ধারে এর মালিকসহ বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।" "গত মঙ্গলবার জাহাজের একজন নাবিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে," জানিয়ে তিনি বলেন, "এর আগে জানা গেছে জলদস্যুরা অপহৃত ক্রুদের কাউকে আঘাত করেনি।" এই প্রথম বাংলাদেশি কোনো জাহাজ ছিনতাইয়ের শিকার হয়েছে বলে জানান মন্ত্রী। "আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আইনি বিধিতে আমাদের হাত বাঁধা, তবে এই সীমাবদ্ধতার মধ্যেই আমরা তাদেরকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি," বলেন তিনি। আফগানিস্তানে অপহৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাবুলে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় তাসখন্দ ও ইসলামাবাদের দূতাবাস থেকে এ বিষয়ে চেষ্টা করা হচ্ছে। দীপু মণি বলেন, "আমরা যতদূর জানতে পেরেছি সাতজন অপহৃত হয়েছে, পরে দুইজন মুক্তি পেয়েছে ও বাকি পাঁচজন ভাল অবস্থায় আছে।" গত ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে আফগানিস্তানের বলখ্ প্রদেশের মাজার-ই-শরিফের কাছ থেকে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত সাত বাংলাদেশিকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই প্রতিষ্ঠানে বাংলাদেশের ১৭ জন কর্মী কাজ করতেন। অপহরণকারীদের হামলায় সেসময় কাজী আলতাফ হোসেন (২৫) নামে বাংলাদেশি একজন ক্রাশার মেশিন অপারেটর মারা যান। পদ্ধতিগত কিছু বিষয় রয়েছে জানিয়ে তিনি বলেন, হামলায় নিহত বাংলাদেশির লাশ এক সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। মঙ্গলবার উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত আলতাফ হোসেনের লাশ ২৫ তারিখের (শনিবার) পর বাংলাদেশে পাঠানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/পিডি/১৫৪২ ঘ.