২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে সংবর্ধনার প্রস্তুতি বিএনপির

চীন থেকে ফেরার পর শুক্রবার বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি, যদিও পুলিশি বাধার আশঙ্কা করছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন থেকে ফেরার পর শুক্রবার বিমানবন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি, যদিও পুলিশি বাধার আশঙ্কা করছে তারা। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, "২৪ ডিসেম্বর নেত্রী দেশে ফিরলে বিমানবন্দরের যেখানে পুলিশ বাধা দেবে, সেখানে সুশৃঙ্খলভাবে সমবেত হয়ে সংবর্ধনা জানাবো।" সকাল ১১টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন তিনি। পাঁচ দিনের সফরে বেইজিং রয়েছেন খালেদা। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তার এ সফর হচ্ছে। বিরোধীদলীয় নেতা গত ১৮ ডিসেম্বর চীনের পথে ঢাকা ছাড়ার সময় তাকে বিদায় জানাতে যাওয়া বিএনপি নেতাদের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকতে বাধা দেয় পুলিশ। দেলোয়ার ওই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, "সন্ত্রাস ও নাশকতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা উদ্বিগ্ন। যে সরকার দেশে মানবাধিকার লঙ্ঘন করছে, বিরোধী নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করার অপকর্মে লিপ্ত, তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিদেশিদের হস্তক্ষেপ চাওয়ার ক্ষেত্র তৈরি করছে কিনা- তা নিয়ে আমাদের সংশয় রয়েছে।" দুদিন আগে মিরপুর সেনানিবাসে এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় নিরাপত্তার আশঙ্কা দেথা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেলোয়ার। বৈঠকে ছিলেন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন। সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে ছিলেন যুবদলের সহসভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু , মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৫ ঘ.