২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের তিয়ানজিনে গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে খালেদা

চীনের তিয়ানজিনের অত্যাধুনিক গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের তিয়ানজিনের অত্যাধুনিক গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন সফররত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে বেইজিং থেকে দ্রুতগামী ট্রেনে তিনি ঐতিহাসিক বন্দরনগরী তিয়ানজিনে যান। সঙ্গে ছিলেন তার সফরসঙ্গীরা। খালেদার সফরসঙ্গী বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীর পক্ষে ঢাকায় দলের কার্যালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় ই-মেইলে এ তথ্য জানান। এতে বলা হয়, চীন সফরের তৃতীয় দিনে বিএনপি চেয়ারপারসন সেদেশের গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন। একে এশিয়ার সবচেয়ে দ্রুত বিকাশমান সমুদ্রবন্দরগুলোর অন্যতম হিসেবে গণ্য করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রী বেইজিং থেকে তিয়ানজিন এসে পৌঁছালে তাকে মিউনিসিপ্যাল হলে ঐতিহাসিক এ নগরীর আধুনিকায়নের বিভিন্ন পর্যায় সম্পর্কে অবহিত করা হয়। পরে খালেদার সম্মানে নগরীর মেয়র এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। এরপর খালেদা জিয়া তার প্রতিনিধিদলসহ তিয়ানজিনের অত্যাধুনিক গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে যান। বন্দর পরিদর্শন চলে তিনঘন্টাব্যাপী। এ সময় খালেদাকে এর বিভিন্ন টার্মিনাল ঘুরিয়ে দেখানো হয়। এছাড়া খালেদা জিয়া তিয়ানজিনে চীনের প্রয়াত প্রধানমন্ত্রী চৌ এন লাই ও তার স্ত্রী দেং ইয়াং চৌ এর স্মৃতিসৌধ পরিদর্শন করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। সন্ধ্যায় দ্রতগামী ট্রেনে খালেদা ও তার প্রতিনিধি দল বেইজিং ফিরে আসেন বলে বিএনপি কার্যালয় থেকে পাঠানো ওই ই-মেইলে জানানো হয়। রোববার বিকালে ব্যাংকক থেকে খালেদা জিয়া বেইজিং পৌঁছান। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা সেদেশ সফর করছেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমদ, সহকারি একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০০ ঘ.