ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে কারচুপির আশঙ্কা করে তা প্রতিরোধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেছেন, পৌরসভা নির্বাচনে জনগণ সরকারের বিরুদ্ধে রায় দেবে।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেলোয়ার বলেন, "সরকার নিজেদের জনপ্রিয়তা দেখাতে মরিয়া হয়ে উঠেছে। যেনতেনভাবে পৌর নির্বাচনে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টায় আছে। এ সরকার নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হতে দেবে না।"
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না করে পৌর নির্বাচন করাকে সরকার ও নির্বাচন কমিশনের 'দুরভিসন্ধিমূলক' তৎপরতা বলে মনে করছেন তিনি।
আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি চার দিনে দেশের আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হচ্ছে।
পৌর নির্বাচনে দলগতভাবে না হলেও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেয়। বিএনপি এবং চারদলীয় জোটের অনেক নেতা-কর্মী-সমর্থক এ নির্বাচনে অংশ নিচ্ছে বলে দেলোয়ার জানান।
গত ১৮ ডিসেম্বর খালেদা জিয়া চীনের পথে ঢাকা ছাড়ার সময় বিএনপি নেতাদের বিমানবন্দরে ঢুকতে না দেওয়ার নিন্দা জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী কিংবা সরকারি দলের নেতারা বিমানবন্দরে গেলে বাধা দেওয়া হয় না। অথচ কেবল বিরোধী দলের ক্ষেত্রে বাধা প্রদান করা হচ্ছে কেন?"
ওই ঘটনায় দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেলের বিরুদ্ধে মামলা দায়েরে ক্ষোভও প্রকাশ করেন তিনি। গ্রেপ্তার সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে তার নিন্দাও জানান দেলোয়ার।
দেশের উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, "এ সরকারের জনগণের কোনো সমস্যারই সমাধান করতে পারেনি। অথচ তারা মন্ত্রিসভার মিটিং করে উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে। দ্রব্যমূল্য কমেনি, আইনশৃঙ্খলা অবনতিশীল। গ্যাস-বিদ্যুৎ-পানি কোনো সমস্যারই সমাধান তারা দিতে পারেনি।"
"কেবল বিএনপি নয়, জনগণই এ সরকারের বিরুদ্ধে চলে গেছে। পদত্যাগ না করলে জনরোষে অথবা গণঅভ্যূত্থানে তাদের পতন ঘটবে", বলেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল মান্নান, এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন, মহিলা সংসদ সদস্য শাম্মী আখতার, যুব দলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২০ ঘ.
bdnews24