ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোয়ার হোসেন ডিপজলকে গত ২৭ জুনের হরতালের একটি মামলায় দুই দিনের হেফাজত মঞ্জুর করা হয়েছে।
অপর এক মামলায় আদালত তার হেফাজতের আবেদন নামঞ্জুর করে তাকে জামিন দিয়েছে।
সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তানিয়া কামাল ও আলী হোসেন এ আদেশ দেন।
মনোয়ার হোসেন ডিপজলের কৌঁসুলি আব্দুল রাজ্জাক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৭ জুনের হরতালের আগের দিন সন্ধ্যায় মীরপুরের সনি সিনেমা হলের সামনে গাড়ি ভাংচুর এবং গাড়ী পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় পাঁচ দিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম।
বিচারক তানিয়া কামাল হেফাজতের আবেদন নামঞ্জুর করে ডিপজলকে জামিন দেন।
অন্যদিকে ২৭ জুনের হরতালের সময় গাড়িতে বিস্ফোরক ছোড়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় একই আদালতে সাতদিনের হেফাজতের আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলূল হক।
বিচারক আলী হোসেন আবেদনের শুনানির পর দুই দিন হেফাজত মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএন/কেএমএস/১৭৪৬ ঘ.
bdnews24