২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের আহ্বান

২৬ ডিসেম্বরের হরতালকে যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করার প্রক্রিয়া বলে অভিহিত করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৬ ডিসেম্বরের হরতালকে যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করার প্রক্রিয়া বলে অভিহিত করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। তারা এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট এ আহ্বান জানায়। জাতীয় শিক্ষানীতিতে ধর্ম শিক্ষাকে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ এনে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ২৬ ডিসেম্বর এই হরতাল ডেকেছে। সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী ফ্রন্ট জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে তিন দফা কর্মসূচী ঘোষণা করেছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ২৪ ডিসেম্বর সকল জেলা সদরে মানববন্ধন এবং ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ। লিখিত বক্তব্যে কাজী ফারুক বলেন, "যুদ্ধাপরাদীদের বিচার এবং বেগম খালেদা জিয়ার বাড়ি ছাড়াকে কেন্দ্র করে পরিস্থিতি যেন পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাবেক বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এই নতুন শিক্ষানীতির অনুকুলে মতামত দিয়েছিলেন। অথচ এই বিএনপিই যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তাদের ডাকা হরতালে সমর্থণ দিচ্ছে।" তিনি আরো বলেন, "একদিকে নতুন শিক্ষানীতির প্রতি সমর্থণ ও নতুন শিক্ষানীতিতে বিএনপি'র সময়ের অনেক কিছু আছে বলে দাবি করা, অন্যদিকে হরতাল সমর্থণ করা- এগুলো নৈতিকতার মানদণ্ডে গ্রহনযোগ্য নয়।" তিনি আরো বলেন, "জাতীয় শিক্ষানীতির বিরোধিতাকারীরা বলছে এ নীতির ফলে অনেক শিক্ষকের চাকরি চলে যাবে। কিন্তু তা আদৌ সত্য নয়। কারণ, এ নীতির ফলে নতুন প্রায় সাত লাখ শিক্ষক নিয়োগ দিতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ে এতোদিন বিষয়ভিত্তিক শিক্ষক ছিলো না। কিন্তু নতুন নীতি অনুসরণ করতে হলে অবশ্যই বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে।" এবারের শিক্ষানীতিতে ধর্ম, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে তা আগে কখনো কোন নীতির খসড়ায় দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক কামরুল হাসান খান, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৬৫৪ ঘ.