ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর, মাদারীপুর ও নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
সোমবার আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত সরকারের আবেদনে এই আদেশ দেয়।
এই আদেশের ফলে ওই তিন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সহকারী অ্যার্টনি জেনারেল একরামুল হক টুটুল।
আগামী ১৭ জানুয়ারি মাদারীপুর ও নেত্রকোনার মদন পৌরসভায় এবং ১৮ জানুয়ারি চাঁদপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ধার্য রয়েছে।
গত ১২ ডিসেম্বর হাইকোর্ট চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে। এরপর ১৫ ডিসেম্বর নেত্রকোনার মদন ও মাদারীপুর সদর পৌরসভার নির্বাচন স্থগিত করে।
এর আগে রোববার আপিল বিভাগ কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, চকোরিয়া, ঝালকাঠি এবং মাগুরা পৌরসভার নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। হাইকোর্ট এসব পৌরসভার নির্বাচন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলো।
এরপর সোমবার নির্বাচন কমিশন এই পৌরসভাগুলোর নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে। আগামী ২৭ জানুয়ারি এই ছয় পৌরসভায় নির্বাচন হবে।
গত ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ২৬৯ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে ও আদালতের নথিপত্র বিবেচনা করে তফসিল থেকে ১১ পৌরসভা বাদ দেওয়া হয়। সঙ্গে যুক্ত হয় নতুন করে চার পৌরসভা।
আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে চার দিনে দেশের ২৬২ পৌরসভা নির্বাচন হওয়ার কথা।
বর্তমানে নির্বাচন স্থগিত সাত ৭ পৌরসভায়
দিনাজপুরের পার্বতীপুর, কুষ্টিয়া, নড়াইলের লোহাগড়া, ফরিদপুরের ভাংগা, নরসিংদীর মাধবদী, ফেনীর দাগনভুঞা ও শরীয়তপুরের জাজিরা পৌরসভার নির্বাচন আদালতের আদেশে স্থগিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/আরএ/১৬৪৫ ঘ.
bdnews24