২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি ইজহারুলের রিমান্ড নামঞ্জুর

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেস্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা বিচারিক হাকিম আখতার হোসেন তার আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শেষে রিমান্ড না মঞ্জুর করেন। রাউজান থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) এর সাথে সর্ম্পকের অভিযোগে মুফতি ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত দুইপক্ষের বক্তব্য শুনে রিমান্ড মঞ্জুর না করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।" রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুফতি ইজহার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজি'র সাথে সম্পর্কিত এবং হুজি সদস্যদের আশ্রয়দাতা ও যোগানদাতা। জঙ্গিদের কার্যক্রম সম্পর্কে জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল।" তবে বিচারক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন নি বলে তিনি জানান। গত বুধবার বিকালে নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রসা থেকে ইজহারুলকে আটক করে র‌্যাব। পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে রাউজান থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য, গত সোমবার ভোরে রাউজান উপজেলার গহীন অরণ্য থেকে পাঁচ হুজি সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওইদিনই রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ। মুফতি ইজহারুল লালখান বাজার মাদ্রাসায় এক সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারকৃত পাঁচ হুজি সদস্যকে নির্দোষ দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৫৪৭ ঘ.