২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: ছয়টির নতুন তফসিল ঘোষণা

মাগুরা, ঝালকাঠি, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকোরিয়া পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি এই ছয় পৌরসভায় নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 08:44 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা, ঝালকাঠি, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকোরিয়া পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি এই ছয় পৌরসভায় নির্বাচন হবে। এ বিষয়ে সোমবার নির্বাচন কমিশনে কমিশনার মোহাম্মদ ছহুল হুসাইন সাংবাদিকদের জানান, গত সপ্তাহে উচ্চ আদালতের এক আদেশে এই ছয় পৌরসভার নির্বাচন স্থগিত হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে কমিশন আপিল করে। তার পরিপ্রেক্ষিতে রোববার ওই স্থগিত আদেশের ওপর স্থগিত আদেশ দিয়েছে আদালত। তাই ওইসব পৌরসভায় নির্বাচন হতে কোনো বাধা নেই। ছহুল হোসেন বলেন, "ওইসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার কমিশন পুনরায় তফশিল ঘোষণার সিদ্ধান্ত নেয়। "নতুন ঘোষণা অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোয়নপত্র দাখিল করা যাবে। যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় ১১ জানুয়ারি।" তিনি জানান, এর আগে ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনও ২৭ জানুয়ারি অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। ছহুল হোসেন আরো জানান, আদালতের আদেশ অনুযায়ী এখনো ঘোষিত ২৬২টি পৌরসভার মধ্যে ১০টির নির্বাচন স্থগিত রয়েছে। সেগুলোর স্থগিতাদেশ প্রত্যাহার হলে কমিশন পুনরায় তফসিল ঘোষণা করবে। গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশন ১২ থেকে ১৮ জানুয়ারি চারদিনে দেশের ২৬২টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/১৪৩৮ ঘ.