ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি ও তাকে 'নির্যাতনের' প্রতিবাদে সোমবার দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "৬২ জেলায় দলের পক্ষ থেকে নেতারা ডিসির কাছে স্মারকলিপি দিয়েছেন। এছাড়া বিভিন্ন জেলায় বিক্ষোভ-সমাবেশও হচ্ছে। "
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে স্থানীয় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
রিজভী জানান, কেন্দ্রীয়ভাবে দুইদিনের বিক্ষোভ কর্মসূচি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করার মধ্য দিয়ে শেষ হবে।
দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
পরে সাংবাদিকদের আবদুল মান্নান বলেন, "প্রবীণ সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর র্যাব-পুলিশ যেভাবে নির্যাতন চালিয়েছে, তা সভ্য রাষ্ট্রে নজিরবিহীন ঘটনা। আমরা এমন নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবেই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।"
এ সময়ে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাহউদ্দিনসহ যুব ও ছাত্রদলের জেলা নেতারা উপস্থিত ছিলেন।
গত বুধবার রাতে রাজধানীর একটি বাসা থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে র্যাব ও গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
পরদিন তাকে রমনা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। মঙ্গলবার তার রিমান্ড শেষ হবে।
ওদিকে রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে তাকে ৩০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/আরএ/এজে/১৩৩৫ ঘ.
bdnews24