ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার বিকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন ।
চীনা ভাইস প্রেসিডেন্ট ঝি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ের গ্রেট হলে সোমবার বিকালে তিনি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন।
খালেদার সফরসঙ্গী বিএনপি'র সহসভাপতি শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খালেদা বেইজিং বিমান বন্দরে পৌঁছান।
বিকালে তিনি বেজিংয়ের বার্ড'স নেস্ট স্টেডিয়াম পরিদর্শন করেন। ২০০৮ সালের অলিম্পিক গেমসের মুল ভেন্যু ছিল এটি। এটি চীনের জাতীয় স্টেডিয়াম।
শমসের মবিন চৌধুরী আরো জানান, বিএনপি চেয়ারপারসন কমিউনিস্ট পার্টি আয়োজিত মধ্যাহ্নভোজেও যোগ দেবেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় খালেদা জিয়া ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। বেইজিং আন্তর্জাতিক বিমান বন্দরে বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক ইয়ান শিডংসহ পার্টির সিনিয়র নেতারা ।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আমন্ত্রণে পাঁচদিনের সফরে খালেদা জিয়া সেদেশ সফর করছেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
এছাড়া আছেন, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমদ, সহকারি একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে চীনের উদ্দেশে রওনা দেন খালেদা। রাতে ব্যাংককে তিনি যাত্রাবিরতি করেন।
সর্বশেষ ২০০৬ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি ১৯৯৮ সালেও সেদেশ সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৩ ঘ.
bdnews24