ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ওপর কথিত নির্যাতন চালিয়ে সরকার দেশকে 'অস্থিতিশীল' করে তুলছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ-সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ অভিযোগ করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে 'নির্যাতনের' প্রতিবাদে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে বিএনপি। গত ১৫ ডিসেম্বর রাতে তাকে বনানীর একটি বাড়ি র্যাব ও গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
এর প্রতিবাদে বিএনপির দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ করে প্রধান বিরোধী দল। সোমবার জেলায় জেলায় বিক্ষোভ-সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে দলটি।
সালাউদ্দিন কাদেরের ওপর কথিত পুলিশি নির্যাতনকে 'পৈশাচিক' আখ্যায়িত করে দেলোয়ার বলেন, "কোনো সভ্য দেশে এভাবে নির্যাতনের নজির নেই। ওই নির্যাতন ন্যাৎসী বাহিনীর নির্যাতনকেও হার মানিয়েছে। সরকার এভাবে নির্যাতন চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের বন্দি করে রাখতে চায়। এটা আওয়ামী লীগের জন্য শুভ হবে না।''
সেইসঙ্গে তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, 'জনবিচ্ছিন্ন' এই সরকার যতো দ্রুত পদত্যাগ করবে, দেশের মানুষ ততো তাড়াতাড়ি শান্তি পাবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
চট্টগ্রাম মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "র্যাব-পুলিশ পাহারায় ছাত্রলীগ হরতালের বিরুদ্ধে মিছিল করেছে। তারপরও মহানগরীর মানুষ স্বতস্ফূর্তভাবে সফল হরতাল করেছেন।"
বিএনপির সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বিক্ষোভ-সমাবেশে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, উপদেষ্টা কাউন্সিলের সদস্য রুহুল আলম চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবুর রহমান সারওয়ার, এম ইলিয়াস আলী, স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, স্বেচছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ-সমাবেশ পরিচালনা করেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৪০ ঘ.
bdnews24