২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল জনগণই প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, একজন যুদ্ধাপরাধীকে রক্ষায় বিএনপির ডাকা চট্টগ্রামের হরতাল জনগণই প্রতিহত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, একজন যুদ্ধাপরাধীকে রক্ষায় বিএনপির ডাকা চট্টগ্রামের হরতাল জনগণই প্রতিহত করবে। তিনি বলেন, "ইস্যুবিহীন হরতাল জনগণ মেনে নেবে না। হরতালে জনগণের বেশি ক্ষতি হয়, তারাই এর জবাব দেবে।" শনিবার মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাহারা খাতুন বলেন, "যুদ্ধাপরাধী, গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা এবং কিবরিয়া হত্যা মামলার বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।" "বঙ্গবন্ধুর হত্যা মামলার ছয় খুনিকে শিগগিরই দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করা হবে", বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "একটি বিশেষ মহল যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে। আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু ব্যক্তিগত ইস্যু নিয়ে আন্দোলন-সংগ্রাম জনগণ প্রত্যাখ্যান করবে।" বিজয় দিবস পালন ও ৭১-এর মানবতাবিরাধেীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে রাজধানীর একটি রেস্তোরাঁয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আমির আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম শাহনওয়াজ আলী, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার পরিচালক নেছার আহমেদ, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকুমার সিংহ, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের মহাসচিব তপন কুমার সাহা। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিকসহ ১২ জনকে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২১৩৭ ঘ.