চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের একদিন আগে চট্টগ্রামে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছে বিএনপির অন্তত ১৩ জন নেতা-কর্মী। এর মধ্যে এক ওয়ার্ড কাউন্সিলরও রয়েছেন।
পুলিশের বাধার মুখে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ঢুকতেই পারেনি চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা। করতে পারেনি সমাবেশও।
অন্যদিকে নগরীর গণি বেকারী এলাকায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন 'গুডস হিলের' বাইরে পুলিশ অবস্থান নিয়েছে। তবে ভেতরে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রামের সংসদ সদস্য সালাউদ্দিন গ্রেপ্তারের প্রতিবাদে রোববার বন্দরনগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
হরতালের সমর্থনে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলা (উত্তর ও দক্ষিণ) এবং মহানগর শাখার উদ্যোগে সমাবেশের কর্মসূচি থাকলেও পুলিশের বাধায় তা হতে পারেনি।
দুপুর থেকেই মহানগর কার্যালয়ের সামনে ও বাইরে পুলিশ অবস্থান নেয়। বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে যেতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে হটিয়ে দেয়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনও কার্যালয়ে ঢুকতে গিয়ে বাধা পান। তিনি সাংবাদিকদের বলেন, "পুলিশ আমাদের ঢুকতে দেয়নি। পুলিশের এ ধরণের আচরণ অগণতান্ত্রিক।"
গত দুই দিনে বিএনপির ২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে শাহাদাত দাবি করেন।
শনিবার ১৩ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে পুলিশ বলছে, নাশকতার সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার টহল পরিদর্শক মোহাম্মদ নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমাস এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ফরিদ উদ্দিন, সেলিম, উমেদ আলী, রেজা বাবু ও আফছার।
নাসিমন ভবনের সামনে থেকে সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার বেগম মনি ও জাসাস নেত্রী জেলি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া নগরীর বহদ্দার হাট মোড় থেকে দুপুর ১২টায় ছয় বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আফাজ উদ্দিন, চন্দনাইশ বিএনপি নেতা এমএ হাশেম রাজু, সালাউদ্দিন শাহেদ, তৌহিদ, রেজাউল করিম ও ইফতেখার সাইমন।
তারা নাশকতা সৃষ্টির জন্য বাস টার্মিনালের পাশে বহদ্দারহাট মোড়ে জড়ো হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
এর আগে শুক্রবার সিজিএস কলোনি এলাকা থেকে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমানসহ ছয়জন এবং কোতয়ালি থানার সিআরবি এলাকা থেকে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে।
সাকা চৌধুরীর বাড়ি ঘিরে পুলিশের অবস্থান
গণি বেকারী এলাকায় সালাউদ্দিন কাদেরের বাড়ি 'গুডস হিল'র বাইরে দুপুরে পুলিশ অবস্থান নিয়েছে।
সম্ভাব্য নাশকতা মোকাবেলা এবং জানমালের নিরাপত্তায় সেখানে এক প্লাটুন পুলিশ অবস্থান নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন।
সন্ধ্যায় ওই বাড়িতে সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিনের ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
তিনি বলেন, "আমার বাবাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে। তাকে কোথায় রাখা হয়েছে, তা আমাদের জানানো হয়নি। তার জীবন ঝুঁকিতে রয়েছে।"
হুম্মাম জানান, তাদের বাড়িতে কাউকে ঢুকতে কিংবা বের হতে দিচ্ছে না পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০২৫ ঘ.
bdnews24