চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা হরতাল প্রত্যাখ্যান করতে বিভিন্ন সংগঠন থেকে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বানের মধ্যেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণই রোববারের হরতাল সফল করবে।
'চট্টগ্রামের নাগরিক সমাজ' এর ব্যানারে শনিবার বিকালে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির ডাকা হরতালে সাড়া না দিতে বক্তারা চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানানোর পর চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু এ কথা বলেন।
সালাউদ্দিন কাদেরকে বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি রোববার বন্দরনগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
আমীর খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শান্তিপূর্ণ হরতাল করতে চাই। আমরা জনগণের কাছে হরতাল সফল করতে আহ্বান জানিয়েছি। তারা এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে বলে আশা করি।"
হরতালের সমর্থনে শনিবার বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতার নিন্দা জানান তিনি।
নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে অভিযোগ করে খসরু বলেন, "দলীয় কার্যালয়ে কাউকে ঢুকতেও দেওয়া হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/২০০৭ ঘ.
bdnews24