চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল সাড়া না দিতে চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়ে সমাবেশ হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 'চট্টগ্রামের নাগরিক সমাজ' এর ব্যানারে অনুষ্ঠিত ওই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি রোববার বন্দরনগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
সমাবেশে বক্তারা বলেন, সালাউদ্দিন চৌধুরী একাত্তরের একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। তার গ্রেপ্তারের প্রতিবাদের মধ্য দিয়ে বিএনপি এক প্রকার যুদ্ধাপরাধীদের পক্ষেই অবস্থান নিয়েছে।
সমাবেশ থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরুর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য এম কফিল উদ্দিন, সিপিবি কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, নারীনেত্রী নুরজাহান খান, সাংস্কৃতিক সংগঠক শাহরিয়ার খালেদ, শওকত বাঙ্গালি প্রমুখ।
সমাবেশের আগে শহীদ মিনার চত্বরে সালাউদ্দিন কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এছাড়া বিকালে নগরীর জেলা পরিষদ চত্বরে হরতালের বিরুদ্ধে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৪ ঘ.
bdnews24