২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলায় হারের জন্য আইন কর্মকর্তাদের দুষলেন আইনমন্ত্রী

আদালতে তথ্যপ্রমাণ ও সাক্ষ্য উপস্থাপনে সরকারি কৌঁসুলিদের ব্যর্থতায় অনেক মামলায় সরকারকে হারতে হচ্ছে বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 10:57 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে তথ্যপ্রমাণ ও সাক্ষ্য উপস্থাপনে সরকারি কৌঁসুলিদের ব্যর্থতায় অনেক মামলায় সরকারকে হারতে হচ্ছে বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সরকারি আইন কর্মকর্তা নিয়োগে অ্যাটর্নি সার্ভিস গঠনের আভাসও দিয়েছেন তিনি। শনিবার সরকারি আইন কর্মকর্তাদের এক কর্মশালায় আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারি কৌঁসুলিরা আদালতে সঠিকভাবে তথ্যপ্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন না করায় অনেক মামলায় সরকারকে হারতে হচ্ছে। "মামলায় (নিু আদালতে) হেরে যাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করার জন্য নথিপত্র না পাঠানোর কারণেও ওইসব মামলায় সরকার চূড়ান্তভাবে হেরে যাচ্ছে", বলেন তিনি। এসব কারণে সরকারের অনেক মূল্যবান সম্পত্তি হাতছাড়া হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারি কৌঁসুলিদের আরও সতর্ক হওয়া উচিৎ। সরকারের স্বার্থহানি যাতে না হয়, সে দিকে দৃষ্টি রাখতে সরকারি কৌঁসুলিদের (পিপিদের) প্রতি আহ্বান জানান তিনি। আইনমন্ত্রী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি কৌঁসুলিদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। সরকারি আইন কর্মকর্তা নিয়োগে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বনের পক্ষে মত জানান মন্ত্রী। বর্তমানে সরকার পরিবর্তনের পর সরকারি আইন কর্মকর্তাও বদল হয়। অভিযোগ রয়েছে, দলীয় বিবেচনায় এ নিয়োগ দেওয়া হয়ে থাকে। শফিক বলেন, "সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সব আইন কর্মকর্তা পরিবর্তন করা হয়। এ কারণেও অনেক মামলার বিষয়ে আর কোনো অগ্রগতি হয় না। এ সমস্যা দূর করতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বা অন্য কোনো সংস্থার মাধ্যমে একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস স্থাপন করবে সরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/এমআই/১৭১১ ঘ.