২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচারী কায়দায় দেশ চালানো হচ্ছে: খালেদা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার 'স্বৈরাচারী কায়দায়' দেশ শাসন করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার 'স্বৈরাচারী কায়দায়' দেশ শাসন করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। শনিবার চীনের পথে ঢাকা ছাড়ার আগে তিনি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "এ সরকার গণতান্ত্রিক নয়, স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। জনগণ এতে বিক্ষুব্ধ।" "তাই বলছি, ব্যর্থ সরকার হিসেবে আপনারা পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেশকে বাঁচান। গণতন্ত্র রক্ষায় আর বিকল্প নেই", বলেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ার ওয়েজের বিমানে চড়ে খালেদা ঢাকা ছাড়েন। সন্ধ্যা সাড়ে ৬টায় (ব্যাংকক সময়) তিনি ব্যাংককে পৌঁছেন বলে খালেদার সফরসঙ্গী তার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ব্যাংককে যাত্রা বিরতির সময় ছেলে আরাফাত রহমান কোকোকে দেখতে তিনি হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। মারুফ জানান, ব্যাংকককে যাত্রাবিরতির পর রোববার সকালে বেইজিং রওনা হবেন খালেদা জিয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি টার্মিনালে খালেদা সাংবাদিকদের বলেন, "দেশের অবস্থা ভালো নেই। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ আজ অতিষ্ঠ। এ অবস্থা থেকে মানুষ আজ পরিত্রাণ চায়।" বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ। তবে নেতাদের কাউকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ। ভিআইপি লাউঞ্জে দলের জ্যেষ্ঠ নেতাদের ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে কর্মীদের হাতাহাতিও হয়। তখন বিএনপি চেয়ারপারসন লাউঞ্জের সামনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দলীর নেতাদের ঢুকতে না দেওয়ায় ক্ষোভও প্রকাশ করেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা। বেইজিংয়ে তিনদিন থাকবেন তিনি। খালেদার সফরসঙ্গী থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, প্রেসসচিব মারুফ কামাল, একান্ত সচিব সালেহ আহমেদ, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ। খালেদা জিয়া সর্বশেষ ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ১৯৯৮ সালেও চীনে গিয়েছিলেন। খালেদার এবারের চীন সফর নিয়ে মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ ও বিএনপির দীর্ঘ দিনের সম্পর্ক। এই সম্পর্কে আরো শক্তিশালী করতেই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর হচ্ছে। "সফরকালে বিরোধীদলীয় নেতা চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের সিনিয়র নেতাদের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক শান্তি শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৩৫ ঘ.