ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারকে বিজয় দিবসের উপহার বর্ণনা করে গোলাম আযমকে গ্রেপ্তারেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ শিগগিরই আসবে বলে আশা করছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরো বলেছেন, আগামী দুই মাসের মধ্যে চার থেকে ছয় জন যুদ্ধাপরাধীর বিচার শুরু হবে।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে সরকারের আন্তরিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ৪০ বছর আগের ঘটনা তদন্ত করতে সময় লাগবে। এক্ষেত্রে হতাশ হলে চলবে না।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ দুজন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদসহ পাঁচ নেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের পর বৃহস্পতিবার গ্রেপ্তার হন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তার আটক আবেদনের শুনানি রোববার ট্রাইব্যুনালে হওয়ার কথা। তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইন প্রতিমন্ত্রী বলেন, "আশা করছি, আগামীকাল (রোববার) ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানো হবে।"
সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালের সমালোচনাও করেন তিনি। বিজয়ের বার্ষিকীতে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রসঙ্গ ধরে তিনি স্লোগানের সুরে বলেন- 'বিজয় দিবসের উপহার, সাকা চৌধুরী গ্রেপ্তার'।
একাত্তরের ঘাতকদের বিএনপি মদদ দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "বিএনপির নেতৃত্বে ঘাতকরা পরিচালিত হচ্ছে। সাকা চৌধুরীর মতো চিহ্নিত যুদ্ধাপরাধীকে রক্ষায় তারা হরতাল দিয়েছে।"
মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে শিগগিরই গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনাল দেবে আশা করে কামরুল বলেন, যারা গণহত্যা করেছে, তাদের কাউকে ক্ষমা করা হবে না।
"ঘাতকদের বিচারের সব প্রস্তুতি আমরা নিয়েছি। কেউ জেলে আছে। যারা বাইরে আছে তদন্ত সাপেক্ষে তাদের গ্রেপ্তারেও পদক্ষেপ নেওয়া হবে", বলেন তিনি।
যুদ্ধাপরাধ বিচারে ধীরগতি নিয়ে অসন্তোষের বিষয়ে কামরুল বলেন, "৪০ বছর আগের ঘটনা তদন্তে সময় লাগবে। আমরা তাড়াহুড়া করে বিচার করতে চাই না। তা করলে আন্তর্জাতিক মহলে তা প্রশ্নবিদ্ধ হবে।"
আগামী দুই মাসের মধ্যে চার থেকে ছয় জনের বিচার শুরু হবে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "গঠিত ট্রাইব্যুনাল একটি জাতীয় ট্রাইব্যুনাল। তাই প্রথমে গুরুত্বপূর্ণ যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। ২০১১ সালের মধ্যে আরো ১১ জনের বিচার শুরু হবে। এরপর বিভিন্ন অঞ্চলের ঘাতকদের বিচার হবে।"
বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর শাখা আয়োজিত ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগৈর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কুমকুম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24