ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বৈরাচার এরশাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন মানেই গণতন্ত্র নয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দল-মতের বাইরে এসে একযোগে কাজ করতে হবে।
স্বৈরাচার পতনের বিশ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণআন্দোলনের মুখে স্বৈরাচারী শাসক এরশাদের পতন ঘটে। বিভিন্ন সংগঠন এই দিনকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের মা সেলিনা আক্তার, বোস্টন পিস আইল্যান্ড ফাউন্ডেশনের অধ্যাপক জর্জ ক্যাস্টিয়া ফিকাস, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের নির্বাহী পরিচালক ফার্নান্দো ব্যাসিউড, মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান, পাক্ষিক চিন্তার সম্পাদক ফরহাদ মাজহার।
এতে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম।
আলোচনা সভায় এরশাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
মানবাধিকার সংগঠন অধিকার, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন ও বোস্টন পিস আইল্যান্ড ফাউন্ডেশন যৌথভাবে আলোচনা সভায় আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২১১২ ঘ.
bdnews24