২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল ডাকায় আমীর খসরুর কুশপুত্তলিকা দাহ

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে হরতাল ডাকায় শুক্রবার মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে হরতাল ডাকায় শুক্রবার মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদি মো. আবু তাহের এই কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তিনি সাকা চৌধুরীর কুশপুত্তলিকাও পোড়ান। সাকাকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি রোববার বন্দরনগরীতে পূর্ণ দিবস হরতাল ডেকেছে। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। আবু তাহের একজন 'চিহ্নিত যুদ্ধাপরাধীর' পক্ষে হরতাল ডাকায় আমীর খসরুকে চট্টগ্রামে অবাঞ্চিতও ঘোষণা করেন। হরতালের দিন চট্টগ্রামে সাবেক মন্ত্রী আমীর খসরুকে প্রতিরোধের ঘোষণাও দেন তিনি। রাষ্ট্রদ্রোহ মামলার বাদি সাংবাদিকদের বলেন, "সালাউদ্দিন কাদের মানুষ হত্যাকারী নরপশু রাজাকার। তার গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা হরতাল চট্টগ্রামের জনগণ কোনোভাবেই মানবে না।" রোববারের হরতালের প্রতিবাদ না করায় চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমালোচনা করেন তিনি। আবু তাহের নিজেকে ক্ষমতাসীন দল সমর্থক সংগঠন মোটর চালক লীগ চট্টগ্রামের সাধারণ সম্পাদক বলে দাবি করেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে গত বছরের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি একটি মামলা করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১১ ঘ.