ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ এবং পরদিন সব জেলায় বিক্ষোভ করবে বিএনপি।
শুক্রবার সহযোগী সংগঠনগুলোর সঙ্গে জরুরি এক যৌথসভার পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।
গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি রোববার বন্দরনগরীতে রোববার পূর্ণ দিবস হরতাল ডেকেছে। সে হরতালে কেন্দ্রের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে বলে দেলোয়ার জানান।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিএনপিকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে সরকার সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতন করছে। এ অন্যায়, বেআইনি ও উদ্দেশ্যমূলক গ্রেপ্তারের প্রতিবাদে আমরা কেন্দ্রীয়ভাবে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিচ্ছি।"
১৯ ডিসেম্বর ঢাকার মুক্তাঙ্গনে দুপুর ২টায় সমাবেশ হবে। ২০ ডিসেম্বর জেলায় জেলায় বিক্ষোভের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেবে বিএনপি।
মগবাজারের গাড়ি পোড়ানোর মামলায় সালাউদ্দিনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "সালাউদ্দিন কাদেরকে রাজনৈতিকভাবে হেয় করতেই মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এভাবে আন্দোলন দমানো যাবে না।"
গ্রেপ্তারের পর সংসদ সদস্য সালাউদ্দিনের ওপর নির্যাতন হয়েছে দাবি করে তার প্রতিবাদও জানান দেলোয়ার।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরীও ছিলেন।
দেলোয়ারের সভাপতিত্বে যৌথসভায় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, ওসমান ফারুক, রাজিয়া ফয়েজ, সেলিমা রহমান, খন্দকার মাহবুব হোসেন, ফজলুর রহমান পটল, আবদুল মান্নান, রুহুল আলম চৌধুরী, আমানউল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উলামা দলের সভাপতি আব্দুল মালেক, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪০ ঘ.
bdnews24