২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রগ কাটায় ছাত্রলীগ

জামায়াত-শিবিরকে রগ কাটার দল আখ্যায়িত করে আওয়ামী লীগ বক্তব্য দিয়ে এলেও এবার মাদারীপুরে তাদের বিরুদ্ধেই রগ কাটার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 06:05 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

মাদারীপুর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত-শিবিরকে রগ কাটার দল আখ্যায়িত করে আওয়ামী লীগ বক্তব্য দিয়ে এলেও এবার মাদারীপুরে তাদের বিরুদ্ধেই রগ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরে আওয়ামী লীগের এক কর্মীর রগ কেটে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, ছাত্রলীগের একদল কর্মীই একাজ করেছে। সাড়ে ৯টার দিকে জেলা শহরের প্রধান সড়কে নৌমন্ত্রী শাজাহান খানের ব্যক্তিগত কার্যালয়ের সামনে আওয়ামী লীগকর্মী মোস্তফা শিকদারের (৩০) ওপর হামলা হয় বলে আওয়ামী লীগ নেতারা জানান। আহত মোস্তফাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে দেখতে যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান শফিক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহবুব হাওলাদারসহ দলীয় নেতা-কর্মীরা। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শহরের বাদামতলী এলাকার বাসিন্দা মোস্তফার ওপর হামলা হয়েছে বলে দলীয় কর্মীরা বলছেন। মাহবুব হাওলাদার সাংবাদিকদের বলেন, "সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদারের নেতৃত্বে একটি দল ধারালো অস্ত্র দিয়ে মোস্তফাকে বেধড়ক কুপিয়ে ডান পায়ের রগ কেটে দেয়।" এ বিষয়ে মাদারীপুর থানার ওসি কায়ুম আলী সরদার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনো কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি।" অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। এ বিষয়ে ছাত্রলীগ নেতা জামাল হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি হামলার কথা শুনেছি। তবে এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.