২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাকে মেরে সংসদকে অপমান করা হয়েছে'

গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ তুলে সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতে বলেছেন, সংসদ সদস্য হিসেবে তাকে নিপীড়নের মাধ্যমে সংসদকে অপমান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ তুলে সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতে বলেছেন, সংসদ সদস্য হিসেবে তাকে নিপীড়নের মাধ্যমে সংসদকে অপমান করা হয়েছে। তুমুল হট্টগোলের মধ্যে বৃহস্পতিবার বিএনপির এ নেতাকে ঢাকার মহানগর হাকিম আদালতে তোলা হয়। মগবাজারে গত ২৬ জুনের গাড়ি পোড়ানোর মামলায় তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশের আবেদনের শুনানিতে অনেক তর্কাতর্কিও হয়। শুনানির পর ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। আদালতে সালাউদ্দিনের পক্ষে জামিন চাওয়া হলে তা নামঞ্জুর হয়ে যায়। যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকীতে বৃহস্পতিবার ভোররাতে বনানীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার হন সালাউদ্দিন কাদের। পরে পুলিশ তাকে গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার মামলায় গ্রেপ্তার দেখায়। বিএনপির ডাকা হরতালের একদিন আগে গত ২৬ জুন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেট কারে আগুন ধরানো হয়। এতে আহত হন দুজন। অগ্নিদগ্ধ ফারুক হোসেন পরে হাসপাতালে মারা যান। সালাউদ্দিনের বক্তব্য রাষ্ট্রপক্ষের তুমুল বিরোধিতার মধ্যেই আদালত সালাউদ্দিন কাদেরকে দুই মিনিট কথা বলার অনুমতি দেয়। এ সময় পেয়ে তিনি নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। বিচারকের উদ্দেশে সালাউদ্দিন বলেন, "আমার মুখের দিকে তাকিয়ে দেখুন, আমাকে মেরে নাক দিয়ে তারা রক্ত বের করে ফেলেছে। পায়েও তারা মারাত্মক আঘাত করেছে। আমার জুতোতে রক্ত লেগে রয়েছে।" নির্যাতনের জন্য র‌্যাব ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে দায়ী করে তিনি দাবি করেন, তার রক্তমাখা কাপড় খুলে নেওয়া হয়েছে। সালাউদ্দিন বলেন, "আমি ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। কোনো নির্বাচনেই পরাজিত হইনি। সংসদে থেকে যে আইন প্রণয়ন করেছি, সে আইন আপনি বাস্তবায়ন করবেন।" "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বেঁচে থাকলে আমার ওপর এ রকম নির্যাতন হতো না। আমার হার্টে রিং পরানো। আমাকে মেরে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে, সংসদকে অপমান করা হয়েছে।" মগবাজারের গাড়ি পোড়ানোর ঘটনার সময় ঢাকায় না থাকার কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, "তখন আমি চট্টগ্রামে ছিলাম। আমার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, আমি নাকি উস্কানিমূলক বক্তব্য রাখি। আমি আপনার কাছে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার একটা বক্তব্য যদি হরতালের সমর্থনে তারা দেখাতে পারে, তাহলে ১০ দিন নয়, ১০ বছর আমি রিমান্ডে থাকতে রাজি আছি।" সালাউদ্দিন কাদেরের এ বক্তব্যের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা 'মিথ্যা'-'মিথ্যা' বলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রপক্ষে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মকবুল হোসেন শুনানির শুরুতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সংসদ সদস্য বললে কাঠগড়ায় দাঁড়ানো বিএনপি নেতা তার প্রতিবাদ করে বলেন, "মাননীয় সংসদ সদস্য বলুন।" শুনানির শুরুতে দাঁড়িয়ে থাকলেও আদালতের অনুমতি নিয়ে পরে কাঠগড়ায় বসার জন্য একটি চেয়ার পান সালাউদ্দিন কাদের। ছেলে-মেয়েদের সান্ত্বনা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিনকে যখন কাঠগড়ায় তোলা হয়, তখন এজলাসে উপস্থিত তার ছেলে ও মেয়েরা বলেন, "তোমার ভয় নেই। তোমার কিছুই হবে না।" ওই সময় পুলিশ আইনজীবী ছাড়া অন্য সবাইকে আদালত থেকে বেরিয়ে যেতে বললে হৈ চৈ ও গণ্ডগোল বাঁধে। পুলিশ সালাহউদ্দিন কাদেরের ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী এবং মেয়ে ফারজিন কাদের চৌধুরীকে এজলাস থেকে বের করে দিতে চাইলে বিএনপি সমর্থক আইনজীবীরা প্রতিবাদ জানাতে শুরু করেন। এক পর্যায়ে এজলাসের মধ্যে আইনজীবীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়। তবে বিএনপি নেতা ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া সবাইকে শান্ত করেন। গাউনবিহীন মাহবুব হোসেন বিচারক আসন গ্রহণ করার পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বাদামি রঙের কোট পরে সালাউদ্দিনের পক্ষে শুনানি শুরু করতে যান। তিনি গাউন না পরায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হৈ চৈ করে প্রতিবাদ জানাতে থাকলেও খন্দকার বক্তব্য দিতে থাকেন। এক পর্যায়ে বিচারক তাকে বাধা দেন। আদালতের নিয়ম অনুযায়ী কালো কোট ও গাউন পরে শুনানি করতে মাহবুবকে বলেন বিচারক। কিন্তু কালো কোট ও গাউনের অভাবে শেষ পর্যন্ত শুনানি থেকে বিরত থাকেন তিনি। তবে এ নিয়ে মাহবুবের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবিদের কিছু সময় কথা কাটাকাটি হয়। হেফাজতের আবেদনে যা বলা হয় সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন পুলিশি হেফাজতের আবেদন জানান তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফজলুর রহমান। এতে বলা হয়, গত ২৭ জুন হরতালের আগের দিন বিএনপি নেতারা গাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে এবং ভাংচুর করে হরতাল 'সফল' করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে ২৬ দিন মগবাজারে গাড়িতে আগুন দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো হয়। বিএনপি নেতারা গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেন, দাবি করে জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, সালাউদ্দিন কাদের গাড়ি পুড়িয়ে মানুষ হত্যায় ইন্ধন দিয়েছেন। সরকারের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছেন। এ মামলার ঘটনার সঙ্গে সালাউদ্দিনের জড়িত থাকার প্রমাণ আছে জানিয়ে হেফাজতের আবেদনে বলা হয়, আগুনের উৎস, প্রকৃত আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আবেদনের সঙ্গে সালাউদ্দিনের বিরুদ্ধে ধানমণ্ডি, টাঙ্গাইল, নড়াইল, চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও কোতোয়ালি, খুলনা, পঞ্চগড়, ঢাকার রমনা, ঝিনাইদহ থানায় এবং আয়কর অধ্যাদেশের ৩৫টি মামলা ও সাধারণ ডায়রির তালিকা দাখিল করা হয়। এর সঙ্গে বলা হয়, এর মধ্যে অধিকাংশ মামলাই আসামির বিরুদ্ধে বিচারাধীন। কয়েকটিতে তিনি খালাস পেয়েছেন। সালাউদ্দিনের পক্ষে তিন আবেদন সালাউদ্দিনের জামিনসহ তার পক্ষে তিনটি আবেদন আদালতে তুলে ধরেন সানাউল্লাহ মিয়া। এগুলো হলো- রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেওয়া, চিকিৎসার ব্যবস্থা গ্রহণ, সালাউদ্দিন কাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া। তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, আসামি জামিন পেলে দেশের বাইরে পালিয়ে যাবেন এবং তদন্তে বিঘ