২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে বিএনপি। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় মগবাজার মোড়ে গিয়ে। শোভাযাত্রায় কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "আজ আমাদের শপথ হোক- সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষার জন্যে। বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।" স্বাধীনতার ৪০ বছরেও মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্খা বাস্তবায়ন হয়নি বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সমালোচনা করে দেলোয়ার বলেন, "যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই একটি দেশের স্বার্থ রক্ষায় নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। এবারও তারা নানা গোপন চুক্তির করে দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছে।" শোভাযাত্রায় সামনের দিকে বিশাল আকৃতির জাতীয় ও দলীয় পতাকা এবং এর পরপরই দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি ছিলো। নানা রঙের ব্যানার, ফেস্টুন হাতে দলীয় নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে এই শোভাযাত্রায় অংশ নেন। কর্মীরা 'লও লও লও সালাম, জিয়া তুমি লও সালাম', 'খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে', 'সালাহউদ্দিন কাদের চৌধুরী গ্রেপ্তার কেন, হাসিনা সরকার জবাব চাই', সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি চাই, মুক্তি দিতে হবে' ইত্যাদি শ্লোগান দেয়। বিজয় শোভাযাত্রায় পুরান ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ঘোড়ার গাড়ি, ব্যাণ্ড সংগীত দলও অংশ নেয়। শোভাযাত্রায় বিএনপির মহাসচিব ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সেলিমা রহমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা যোগ দেন। আরো যোগ দেন জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, উলামা দলের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দলীয় সাংসদরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৫০ ঘ.