২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার ওপর 'নির্যাতন' খতিয়ে দেখতে আহ্বান জাতিসংঘের প্রতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর তার ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে বিষয়টি তদন্ত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 09:32 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর তার ওপর নির্যাতন হয়েছে অভিযোগ করে বিষয়টি তদন্ত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে বিজয়ের বার্ষিকীতে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার হন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। মগবাজারের গত ২৭ জুনের হরতালের আগের রাতে গাড়ি পোড়ানোর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতেও পেয়েছে গোয়েন্দা পুলিশ। সালাউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে গোয়েন্দা অফিসে নিয়ে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্মম নিষ্ঠুরতা চালানো হয়েছে। তার কান ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে। গায়ে ব্লেডের আচড় দিয়েছে।" "আমরা এ বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতি আবেদন জানাচ্ছি", বলেন তিনি। সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে তার এলাকা চট্টগ্রামে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "আমরা কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা করছি।" দেলোয়ার বলেন, "গত কয়েকদিন ধরে সরকার সালাউদ্দিন কাদেরকে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী হিসেবে চিহ্নিত করার 'ষড়যন্ত্র' করে আসছে। তার কণ্ঠ স্তব্ধ করতে বিনা ওয়ারেন্টে রাতে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিবারের আশঙ্কা, তাকে হত্যা করা হতে পারে।" গত সেপ্টেম্বরে ট্রাইব্যুনালের তদন্ত দল চট্টগ্রাম নগরীতে একাত্তরে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন ও বধ্যভূমি পরিদর্শন এবং বিভিন্ন জনের সাক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুণ্ঠনে সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পায়। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে '৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ। বর্তমান সরকারের সময়ে শুরু হওয়া যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি মহাসচিব বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে নই। কিন্তু আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার চায় না। তারাই '৭৩ সালে ১৯৫ জন (পাকিস্তানি সৈন্য) চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার না করে ছেড়ে দিয়েছিলো। দালাল আইনও বাতিল করেছিলো।" সালাউদ্দিনকে গ্রেপ্তার বিরোধী দলের ওপর দমন-পীড়নের একটি অংশ দাবি করে দেলোয়ার বলেন, "যারা সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাদের নীল-নকশায় বিরোধী দলকে নির্মূলের পরিকল্পনা হয়েছে। তারই ধারাবাহিকতায় সালাহউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।" সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের সঙ্গে সালাহউদ্দিন কাদেরের বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী ও পুত্রবধূ ডানিয়া কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। ফারজিন বলেন, "একজন সংসদ সদস্যকে সরকারের ইঙ্গিত ছাড়া এভাবে নির্যাতন করা যায় না। কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে ধরে নেওয়া হয়েছে। কোনো সভ্য দেশে এর নজির নেই।" সালাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে তিনি বলেন, "অভিযোগ থাকতেই পারে, তার মানে তিনি অপরাধী নন। উই ওয়ান্ট ফেয়ার ট্রায়াল।" গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সালাউদ্দিনের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ফারজিন বলেন, "আমার বাবাকে নির্যাতন করে আধমরা করা হয়েছে। তাকে আদালতে হেলমেট পরিয়ে নেওয়া হবে। মিডিয়ার প্রতি আমার আবেদন, আপনারা হেলমেট খুলে বাবাকে দেখুন, সত্য বেরিয়ে আসবে।" সালাউদ্দিন চৌধুরীকে যখন আদালতে নেওয়া হয়, তখন অবশ্য তার মাথায় হেলমেট দেখা যায়নি। আদালতে ঢোকানোর সময় তার গায়ে একটি চাদর জড়ানো ছিলো। তবে বেরিয়ে আসার সময় চাদরটি দেখা যায়নি। আকাশি রঙের একটি শার্ট পরা ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫০ ঘ.