চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামে হরতাল ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নাসিমন ভবনের সামনে বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী হরতালের এ ঘোষণা দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম জেলা (উত্তর ও দক্ষিণ) ও মহানগর নেতারা আলোচনায় বসে হরতালের সিদ্ধান্ত নিয়েছেন। গোটা জেলায় এ হরতাল হবে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের পর নগরীর গুডস হিলে তার বাসভবন এবং বিএনপি কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের পর নগরী ও রাউজানের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে। বিজয় দিবসে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের চোখে-মুখে ছিলো সন্তোষের ছাপ।
কবি ও সাংস্কৃতিক সংগঠক কামরুল হাসান বাদল বলেন, "সাকা'র গ্রেপ্তার আজকের বিজয় উৎসবকে নতুন মাত্রা দিয়েছে।"
রাউজানে কোনো ধরনের বিক্ষোভ কিংবা সহিংস ঘটনা দুপুর পর্যন্ত ঘটেনি বলে রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০০ ঘ.
bdnews24