২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন চলছে: দেলোয়ার

সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ এনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দেশে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 05:23 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ এনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দেশে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন চলছে। বৃহস্পতিবার বিজয় দিবসে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার কবরে ফুল দেওয়ার আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি। দেলোয়ার বলেন, "লাখো মানুষের আত্মত্যাগে এই বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু স্বাধীনতার চেতনা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি।" "আজ দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে। দেশে চলছে গণতান্ত্রিক লেবাসে একদলীয় শাসন ব্যবস্থা", বলেন তিনি। স্বাধীনতা ও গণতন্ত্র 'রক্ষার' জনগণকে নিয়ে আন্দোলনের কথাও জানান বিএনপি মহাসচিব। জিয়াউরকে স্বাধীনতার ঘোষক দাবি করে বিএনপি মহাসচিব বলেন, "এ দেশের মানুষের মন থেকে জিয়ার নাম কেউ মুছে ফেলতে পারবে না। তার নাম মুছে ফেলার জন্য অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে- তবে তাতে কোনো লাভ হবে না।" দলীয় নেতা-কর্মীদের নিয়ে সকাল ৭টার দিকে বিরোধীদলীয় নেতা খালেদা সাভারে স্মৃতিসৌধে ফুল দেন। সেখান থেকে ফিরে সকাল ৮টার দিকে তিনি শেরেবাংলা নগরে স্বামীর সমাধিতে যান। সেখানে ফুল দেওয়ার পর মোনাজাতও করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, ঢাকার মেয়র ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা প্রমুখ। বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৩টায় বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১২০ ঘ.