ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও বরিশাল বিভাগের ৫০টি পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে দুই হাজার ৯শ' ৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরমধ্যে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩শ' ১৩ জন।
বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সংশ্লিষ্ট উপ-নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
খুলনা বিভাগের ৩১টি এবং বরিশাল বিভাগের ১৯টি পৌরসভায় নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় বরিশাল বিভাগের উপ-নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিভাগের ১৯টি নির্বাচনযোগ্য পৌরসভায় এক হাজার ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে এক শ' ১১ জন মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে ৭শ' ৩২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২শ' ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
খুলনা বিভাগের নির্বাচনযোগ্য ৩১ পৌরসভায় তিনটি পদে এক হাজার ৯শ' ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভারপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার ধীবর কুমার বিশ্বাস।
তিনি জানান, এ বিভাগের পৌরসভাগুলোয় মেয়র পদে ২শ' ২ জন, সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ৩শ' ১০ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩শ' ৯৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ ও ১৯ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোট হবে আগামী ১৩ জানুয়ারি।
গত মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ হাজার ২শ' ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা কমছে বলে জানান ইসি কর্মকর্তা।
আগামী ১২ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৭ জানুয়ারি ও ১৮ জানুয়ারি দেশের সাত বিভাগের আড়াই শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২১৫৮ ঘ.
bdnews24