ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার সর্বক্ষেত্রে মানবাধিকার 'লঙ্ঘন' করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার বিষয়ক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল পরিসংখ্যান তুলে ধরে বলেন, "দেশে আজ সর্বস্তরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক নেতা-কর্মী গ্রেপ্তার, কারা হেফাজতে নির্যাতনের চিত্র থেকে প্রতীয়মান হয় যে, দেশ নুতন লেবাসে একদলীয় শাসনের পথে চলছে।"
তিনি কথিত এই অপশাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।
গুলশানের লেক শোর হোটেলে গবেষণা প্রতিষ্ঠান গ্র"প-২০০৯ (জি-৯) 'রাজনৈতিক অধিকার খর্ব অশনি সংকেত' গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
৪৭ পৃষ্ঠার এই বইয়ে গত ১১ মাসে দেশে রাজনৈতিক সংহিসতায় প্রাণহানিসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কারা হেফাজতে মৃত্যু ও সাংবাদিক নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে গ্র"প-৯ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শফিক রেহমান স্বাগত বক্তব্য দেন।
এতে যুক্তরাষ্ট্র, জাপান, ইরান, ইন্দোনেশিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধিরা অংশ নেন।
গ্র"প-৯ এর সদস্য ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, সহসভাপতি রাজিয়া ফয়েজ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৬ ঘ.
bdnews24