২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের ব্যর্থতায় দেশের মানুষ শান্তিতে নেই'

সরকারের 'ব্যর্থতার' কারণে দেশের মানুষ শান্তিতে নেই বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'ব্যর্থতার' কারণে দেশের মানুষ শান্তিতে নেই বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রোববার রাতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর নবগঠিত কমিটির নেতারা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। খালেদা বলেন, ''সরকার একটি স্বাধীন সার্বভৌম দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তাদের কারণে দেশের কোনো পেশার মানুষই ভালো নেই। সাংস্কৃতিক অঙ্গনসহ ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, কৃষক- কোনো পেশার মানুষ স্বস্তিতে নেই, শান্তিতে নেই।'' গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাসাসের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মুনির খানের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতারা নতুন কমিটি অনুমোদন দেওয়ায় খালেদাকে অভিনন্দন জানান। গত শুক্রবার জাসাসের ৩৪৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন করেন বিএনপি চেয়ারপারসন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে খালেদা বলেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এই সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে জাসাসকে কাজ করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এম এ মালেকের সভাপতিত্বে এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি চিত্র নায়ক আশরাফউদ্দিন খান উজ্জ্বল, সহসভাপতি চলচিত্র অভিনেতা মিশা সওদাগর, সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মুনির খান প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫৫ ঘ.