২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে জ্বালানি উপদেষ্টার এপিএসের বিরুদ্ধে মামলা

ঢাকার ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমদকে উদ্দেশ্য করে গালিগালাজ করায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-ইলাহী চৌধুরীর এপিএস মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সাভার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমদকে উদ্দেশ্য করে গালিগালাজ করায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-ইলাহী চৌধুরীর এপিএস মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা সোহরাব আলী খান রতন বাদি হয়ে মনোয়ার হোসেন ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ধামরাই থানায় মামলাটি দায়ের করেছেন। ওদিকে সংসদ সদস্যসহ ৪ জনকে আসামি করে থানায় পাল্টা অভিযোগ দিয়েছে মনোয়ার হোসেনের ভাই মো. আলাউদ্দিন। তবে পুলিশ তার অভিযোগ আমলে নেয়নি। ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, স্থানীয় সংসদকে গালাগাল দেওয়ার অভিযোগ এনে শুক্রবার মধ্যরাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাব আলী খান রতন বাদী হয়ে ধামরাই থানায় এপিএস মনোয়ার হোসেন ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মোস্তাফিজার রহমান বলেছেন, "উপরের নির্দেশে এপিএসের বিরুদ্ধে মামলা নথিভূক্ত করা হয়েছে। আবার নির্দেশ পেলে তাকে গ্রেপ্তার করা হবে।" তিনি জানান, এপিএস মনোয়ারকে মারধরের ঘটনায় শনিবার সকালে মনোয়ারের ভাই মো. আলাউদ্দিন বাদী হয়ে সাংসদ বেনজীর আহমদ, তার ভাই এনামূল হক আয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু ও কুশুরা গ্রামের সোহরাব আলী রতনকে আসামি করে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন। এসআই মোস্তাফিজ বলেন, "সাংসদের বিরুদ্ধে মামলা করতে হলে স্পিকারের অনুমতি লাগবে। তাছাড়া এ মামলা নথিভুক্ত করা সম্ভব হচ্ছে না।" উল্লেখ্য, মনোয়ার হোসেন শুক্রবার সন্ধ্যায় জ্বালানি উপদেষ্টার পতাকাবাহী গাড়ি নিয়ে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে তিনি ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গাড়ি থামান। সেখানে তিনি সাংসদ বেনজীর আহমদের ভাই এনামূল হক আয়ুব এবং শাখাওয়াত হোসেন সাকু ও সোহরাব আলী রতনের উপস্থিতিতে সাংসদকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় তারা এর প্রতিবাদ করলে মনোয়ার তাদের দিকে পিস্তল তাক করেন। এক পর্যায়ে জনতা মনোয়ারকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০০ ঘ.