২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপচাঁচিয়ায় রোববার হরতাল

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খুনের প্রতিবাদে রোববার পৌর এলাকায় হরতাল ডেকেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

বগুড়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ খুনের প্রতিবাদে রোববার পৌর এলাকায় হরতাল ডেকেছে এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে স্থানীয় ব্যবসায়ী তৌফিক হোসেন শনিবার হরতালসহ কয়েকদিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে- দুপচাঁচিয়া পৌর এলাকায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল, সোমবার বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার শোক র‌্যালি ও কালো ব্যাজ ধারণ, বুধবার প্রতিবাদ সমাবেশ। কর্মসূচির সমর্থনে স্থানীয় বিএনপি মাঠে থাকার কথা জানিয়েছে। শুক্রবার রাতে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল লতিফকে (৪৮) ফলার আঘাতে খুন করে দুর্বৃত্তরা। শনিবার এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুপচাঁচিয়া উপজেলা সদরের দোকানপাট বন্ধ করে মিছিল, ভাংচুর ও বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করেছে। সকাল ১১টা থেকে ১৫ মিনিট অবরোধ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ পৌর এলাকার মাস্টারপাড়ার মিজানুর রহমান কোয়েল (৩৫) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শনিবার বাদ আছর জানাজা শেষে লাশ দাফন করা হয়। এদিকে ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকার বিক্ষুদ্ধ এলাকাবাসী বিদ্যুত অফিস ভাংচুর করেছে। আব্দুল লতিফ দুপচাঁচিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হওয়ায় শনিবার ওই বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, হরতালসহ চার দিনের কর্মসূচিকে বিএনপি সমর্থন দিয়েছে। পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এলাকার কোনো প্রভাবশালী মহল মদদ না দিলে এবং কোথায় কোন অবস্থায় আব্দুল লতিফ ছিলেন তা না জানালে হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মাইক্রোবাসযোগে পালাতে পারত না। নিহতের ভগ্নিপতি গাজিউর রহমান বলেন, পাশের কাহালু উপজেলায় বীরকেদায় একটি পুকুরের দখল নিয়ে আব্দুল লতিফের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি গ্র"পের বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে তার ধারণা। দুপচাঁচিয়ায় থানা থেকে মাত্র একশ' গজ দূরে শুক্রবার রাতে আব্দুল লতিফের শরীরে ধারালো ফলা ঢুকিয়ে মাইক্রেবাসে করে পালিয়ে যায়। রাত ৯টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। উপজেলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র অফিস ভাংচুরের ঘটনায় আবাসিক প্রকৌশলী (আরই) রফিকুল ইসলাম বলেন, লোড শেডিংয়ের ব্যাপারে আমার কিছু করার নেই। রুটিন মোতাবেক ওই রাতে লোড শেডিং করা হয়। সরকারি সম্পদ ভাংচুরের বিষয়ে থানায় অভিযোগ করা হবে। দুপচাঁচিয়া থানার ওসি মোজাম্মেল হক বলেন, নিহতের পরিবার থেকে এখনো থানায় কোনো মামলা করেনি। তবে ঘটনার রাতেই সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.