ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে খোন্দকার দেলোয়ার বলেন, "জুলুমবাজ সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা জনগনের সমস্যার কোন সমাধান দিতে পারেনি। মৌলিক অধিকারও রক্ষা করছে না।"
এই আন্দোলনকে আরো বেগবান করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, জনদুর্ভোগ সমাধানে সরকারের ব্যর্থতা এবং নির্যাতন-দমননীতির প্রতিবাদে বিএনপির তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিশাল মিছিলটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে এই মিছিলে যোগ দেয়।
তিন দিনের কর্মসূচির মধ্যে গত ৫ ডিসেম্বর উপজেলা পর্যায়ে এবং ৬ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করার কর্মসূচি পালন করে বিএনপি।
বুদ্ধিজীবী শহীদ দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বিএনপির আলাদা কর্মসূচি থাকায় আপাতত দলটি সরকার বিরোধী কর্মসূচি দিচ্ছে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সভাপতি এম এ মালেক, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক প্রমূখ নেতারা মিছিলে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭১৯ ঘ.
bdnews24