২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওলামা পরিষদের হরতালে বিএনপির সমর্থন

সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের ডাকা ২৬ ডিসেম্বরের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 08:07 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের ডাকা ২৬ ডিসেম্বরের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব হরতালে 'নৈতিক' সমর্থনের কথা জানিয়ে বলেন, সরকার ওলামা-মাশায়েখদের আপত্তি না শুনেই একতরফাভাবে শিক্ষানীতি গ্রহণ করেছে। নতুন শিক্ষানীতি মঙ্গলবার সংসদে গ্রহণ করা হয়। নতুন নীতিতে ধর্মীয় শিক্ষার সুযোগ কমানো হয়েছে দাবি করে বিএনপি-জামায়াত সমর্থিত ওলামা-মাশায়েখ পরিষদ হরতালের ডাক দিয়েছে। নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেলোয়ার হরতাল আহ্বানকারীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বলেন, "যুক্তিযুক্ত যে কোনো বিষয়ের প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে। এর আগে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালেও আমরা সমর্থন দিয়েছিলাম।" ওলামা পরিষদের বক্তব্য শুনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "তাদের দাবি অবশ্যই সরকারকে শুনতে হবে। তা না শুনে তারা (সরকার) উল্টো ওলামা-মাশায়েখদের স্মারকলিপির কর্মসূচিতে লাঠিপেটা করে। এটা নিন্দনীয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.