মাগুরা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরায় দুর্বৃত্তের হামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
বুধবার বিকালে শালিখা উপজেলার গজদূর্বা পশ্চিমপাড়া এলাকায় এ হামলা হয়।
আহত আব্দুর রাজ্জাক মোল্লা (৬৫) ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সধারণ সম্পাদক বলে পুলিশ জানায়।
আব্দুর রাজ্জাক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে স্থানীয় বিএনপিকর্মী হিসেবে পরিচিত আলি কদর, মেহেদী, নূর মোহাম্মদ ও ইমদাদ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়।
এলাকাবাসী তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান জানান, রাজ্জাকের দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতে একাধিক জখম হয়েছে এবং তার পায়ের হাড়ও ভেঙে গেছে।
শালিখা থানার ওসি মীর ফসিয়ার রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯১০ ঘ.
bdnews24