নরসিংদী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে আট পুলিশ ও জামায়াতের ১০ নেতাকর্মী আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াত একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণকালে নরসিংদী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জেলা জামায়াতের সেক্রেটারি শেখ আব্দুল মালেকসহ ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার মডেল ওসি নজরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজার এলাকায় মিছিলে বাধা দেওয়ার পর জামায়াতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করে পরিস্থিতি সামাল দিতে গেলে তারা পাল্টা ধাওয়া করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
ওসি জানান, সংঘর্ষে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনসহ আট পুলিশ আহত হয়েছে।
তিনি জানান, আহত সবাইকে নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান।
জেলা জামায়াতের আমির আ ফ ম আব্দুস ছাত্তার দাবি করেন, পুলিশ বিনা উস্কানিতে তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয় এবং এলোপাতাড়ি লাঠিপেটা করে।
এতে দলের ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24