২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপির স্মারকলিপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন পর্যায়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার খুলনা বিএনপি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

খুলনা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ বিভিন্ন পর্যায়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার খুলনা বিএনপি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। দুপুর ১২টায় তারা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, মহাজোট সরকার তাদের নির্বাচনী ওয়াদা পূরণ না করায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সকল পর্যায়ে সীমাহীন ব্যর্থতায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, পানির তীব্র সঙ্কট, চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি, ধর্ষণ-ইভটিজিং, সাংবাদিক নির্যাতন চরম আকার ধারণ করেছে। সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশিদের ট্রানজিট ও বন্দর সুবিধা দেওয়ার গোপন গোলামী চুক্তি করেছে। সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা ও টিপাই মুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সরকার কোনো কার্যকর অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ সময় মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরুর ইসলাম দাদু, মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, গাজী আব্দুল বারী, ফখরুল আলম, আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, আনোয়ারুল কাদির খোকন, জলিল খান কালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.