ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম ও বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা চাঞ্চল্যকর মামলার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলা সংক্রান্ত ৬৮তম পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যুবলীগ নেতা ইব্রাহীম হত্যা মামলা আগামী সভায় চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে অন্তর্ভূক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।"
বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে বিগত সরকার কোটি টাকা লেনদেন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "সাব্বির হত্যা মামলা এখনো মনিটরিং সেলে আসেনি। তবে এ ব্যাপারে খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা মনিটরিং সেলে নেওয়া হবে।"
এছাড়া সভায় রাজধানীর আদাবরের কম্পিউটার প্রকৌশলী রাকিব নেওয়াজ সৈকত হত্যা ও গফরগাঁও এ ডা. রফিকুল ইসলাম দুলাল হত্যা মামলা চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, সভায় ১০টি চাঞ্চল্যকর হত্যা মামলা নিয়ে আলোচনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের অভিযোগ পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গত সভায় যে ৭টি মামলা নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে ৫টি মামলার অভিযোগ পত্র দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন মাস পরপর এ সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৩৬ ঘ.
bdnews24