২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের হুমকি উলামা পরিষদের

সরকার নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করলে বা ঘোষিত কর্মসূচিতে বাধা দিলে হরতাল ডাকার হুমকি দিয়েছে বিএনপি সমর্থিত একটি ইসলামি সংগঠন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করলে বা ঘোষিত কর্মসূচিতে বাধা দিলে হরতাল ডাকার হুমকি দিয়েছে বিএনপি সমর্থিত একটি ইসলামি সংগঠন। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সমাবেশ-মিছিলসহ নানা কর্মসূচি ঘোষণা করে সোমবার এ হুমকি দেয় সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। এ সংগঠনে বিএনপি'র নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট রয়েছে। প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে যোগ দিয়ে গণভবনে ফেরার সময় সোমবার মৎস্য ভবনের কাছে সমাবেশ করে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রি পরিষদের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী গণভবনে ফেরার সময় মৎস্য ভবনের কাছে উলামা পরিষদ বিক্ষোভ করে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেওয়া হয়।" শিক্ষা ব্যবস্থাকে 'ধর্ম নিরপেক্ষ' করার লক্ষ্যে তৈরি খসড়া শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ করছিল উলামা পরিষদ। ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "সরকার শক্তি প্রয়োগ করে আমাদের প্রতিবাদ বন্ধ করতে চাইলে ২৫ ডিসেম্বরের পর হরতাল ডাকাসহ আরো কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবো।" দলটির জ্যেষ্ঠ সহ-সভাপতি বলেন, "সরকার খসড়া শিক্ষানীতি অনুমোদন করলে আমরা ডিসেম্বরের ২৬ থেকে ৩০ তারিখের মধ্যে একদিন হরতাল ডাকতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এলএইচ/পিডি/২২১৯ ঘ.