ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের উদ্দেশে বলেন, "সংসদে আসুন। সংসদে সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। যত কথা রয়েছে, সংসদে এসে বলুন।
"যতক্ষণ খুশি কথা বলতে পারবেন। আমি বিরোধী দলকে সংসদে আসার আহবান জানাবো।"
বিরোধী দল ধ্বংসাত্মক রাজনীতি করছে অভিযোগ করে তা বন্ধ করতে তাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
রাশিয়া, বেলজিয়াম এবং জাপান সফরের বিষয়বন্তু এবং বাংলাদেশের প্রাপ্তি তুলে ধরতেই প্রধানমন্ত্রী এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার তিন দেশে সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর তিনি উপস্থিত বিভিন্ন জাতীয় দৈনিক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও বার্তা সম্পাদকদের প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বার্তা সংস্থার ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24