ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে মওদুদ আহমেদের বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি নেতাকে 'বহুরূপী' আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত রোববার বলেছেন, "সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক হবে। এটা বিএনপির বহুরূপী সাবেক আইনমন্ত্রীর মুখে শোভা পায় না।"
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ বিষয় ব্যাখ্যা করতে গিয়ে মওদুদ 'মিথ্যাচার' করেছেন বলেও দাবি করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ শনিবার সাংবাদিকদের বলেন, "পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্ট অনেকগুলো মতামত ও ব্যাখ্যা দিয়েছেন। তার ভিত্তিতে সংবিধান পুনর্মুদ্রণ করছেন (সরকার)। ওই রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চাইলে সংসদে বিল আনতে হবে। সংসদে বিল না এনে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা হবে অসাংবিধানিক।"
এর জবাবে সংবিধানের অষ্টম সংশোধনীর নজির তুলে ধরে সুরঞ্জিত বলেন, "সংবিধানের অষ্টম সংশোধনী সরকার স্বৈরাচারের মতো করেছিলো। এখন তারা সংবিধান পুনর্মুদ্রণের বিষয়ে অন্যদের আক্রমণ করে কথা বলে। এটা রাজনীতির জন্য স্বাস্থ্যকর নয়।"
সামরিক শাসক এইচএম এরশাদ সংবিধানের অষ্টম সংশোধনী এনেছিলেন। এরশাদের সরকারে ছিলেন মওদুদ।
মওদুদের সমলোচনা করে সুরঞ্জিত বলেন, "রাজনীতিতে শঠতা বা চাতুর্যতার আশ্রয় নেওয়া যায়। কিন্তু মিথ্যাচার করা ঠিক নয়। মওদুদ আহমেদ যদি নিজেকে শুধু বিজ্ঞ মনে করেন, আর অন্যরা অজ্ঞ- তা তো ঠিক নয়।"
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ বলে দেশের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে সংসদীয় একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে এর মধ্যেই রায় অনুযায়ী সংশোধন করে সংবিধান পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছে সরকার।
সুরঞ্জিত বলেন, "সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটির অনুমতি নিয়েই সংবিধান পুনর্মুদ্রণের জন্য আইন মন্ত্রনণালয়কে বলা হয়েছে।"
সংবিধান পুনর্মুদ্রণ শেষে এতে আর কোনো সংশোধনীর প্রয়োজন হলে সে সুপারিশ কমিটি করবে বলে সুরঞ্জিত জানান।
আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "৫০টি হরতাল করার চেয়ে সংসদে দাঁড়িয়ে পাঁচ মিনিট কথা বললে তাতে দেশ ও জাতির অনেক উপকার হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24