ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তাঙ্গনের সমাবেশ থেকে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।
৫ ডিসেম্বর উপজেলায়, ৭ ডিসেম্বর জেলায় এবং ৯ ডিসেম্বর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ হবে।
বৃহস্পতিবার বিকালে প্রতিবাদ সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, "আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। সরকার যদি তারপরও অতীতের মতো এ সব কর্মসূচি বানচালের চেষ্টা চালায়, তার দায় তাদেরই নিতে হবে।"
বুধবার গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার সভাপতিত্বে এ কর্মসূচি চূড়ান্ত হয়।
গত ৩০ নভেম্বরের হরতালকে কেন্দ্র করে পুলিশি নির্যাতন, গ্রেপ্তার ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তাঙ্গনে সমাবেশ ডাকে বিএনপি।
সমাবেশে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচিও ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে- শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে ১৩ ডিসেম্বর বিকালে আলোচনা সভা, ১৪ ডিসেম্বর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়া, বিজয় দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে ১৫ ডিসেম্বর দুপুরে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়া এবং দুপুরে বিজয় শোভাযাত্রা, ১৮ ডিসেম্বর বিএনপির উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা এবং ১৯ ডিসেম্বর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিএনপি মহাসচিব এ সব কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24