২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শুনানি না করায় খালেদার আপিল আবেদন খারিজ হয়েছে'

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা আপিল আদালতে ৯০ মিনিট কালক্ষেপণ করেও শুনানি না করায় তার লিভ টু আপিল আবেদন খারিজ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা আপিল আদালতে ৯০ মিনিট কালক্ষেপণ করেও শুনানি না করায় তার লিভ টু আপিল আবেদন খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, "৯০ মিনিট কালক্ষেপণ করে শুনানি না করার কারণেই আপিল বিভাগ খালেদা জিয়ার লিভ টু আপিল আবেদন খারিজ করেছে। আদালত রায়ে বলেছে, এ অবস্থায় আবেদনটি খারিজ করা ছাড়া আর কোনো উপায় ছিলো না।" রায় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, "শুনানির সময় খালেদা জিয়ার আইনজীবীরা বারবার আদালত অবমাননার আবেদনের শুনানির প্রার্থণা করেন। আদালত বলেছিলো, লিভ টু আপিল আবেদনের শুনানি হবে এবং তিন আইনজীবীকেই শুনানির সুযোগ দেওয়া হবে।" বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের ওই বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়ার যে খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে সে সংক্রান্ত প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না। বেগম জিয়া আগেই ৫১টি কার্টন সরিয়ে ফেলেছেন।" খালেদার অনাস্থা আবেদনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "মওদুদ আহমদের অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি। ওই আবেদনটি হলফ করা হয়েছিলো ২৯ নভেম্বর সকাল ১০টা ৫৫ মিনিটে। আর আদালত রায় দিয়েছিলো ১১টায়। "তবে রেজিস্ট্রারের স্বাক্ষরের পরেও বেশ কিছু প্রক্রিয়া থাকে। তাই ওই দিন আবেদনটি আদালতে উপস্থাপনের প্রশ্নই ওঠে না। আদালতকে বিব্রত ও বিতর্ক সৃষ্টি করার জন্য মওদুদ আহমদ অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন।" অ্যাটর্নি জেনারেল আরো বলেন, "কারো কারো ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। কারণ, খালেদার প্রধান কৌঁসুলি টিএইচ খান ২৯ ও ৩০ নভেম্বর ওই অনাস্থা আবেদনের বিষয়ে কিছু বলেননি।" প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৬১৪ ঘ.