২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত

বিজয় দিবসকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার এ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসকে সামনে রেখে সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার এ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বুধবার রাতে গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত হয়। রাত সাড়ে ৮টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে এ জরুরি বৈঠক বসে। রাত ১০টায় বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সারোয়ারী রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকালে মুক্তাঙ্গনের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।" তিনি আভাস দেন যে, বিজয় দিবসকে সামনে রেখে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। মঙ্গলবার হরতাল কর্মসূচি পালনের সময় পুলিশ ও ক্ষমতাসীন দলের কথিত নির্যাতনের প্রতিবাদে মুক্তাঙ্গনে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকের পরপরই রাত ১০টার দিকে খালেদা জিয়া আন্দোলনের পরবর্তী চূড়ান্ত কর্মসূচি নিয়ে চারদলীয় ঐক্যজোটের অন্যতম দুই শরিক জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করেন। খালেদার সভাপতিত্বে ওই বৈঠকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মহানগরের ভারপ্রাপ্ত আমীর সাংসদ হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের এবং বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ ও ২২ নভেম্বর দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । ২১ নভেম্বরের বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ ঘ.