নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের সময় তিন নেতাকে গ্রেপ্তার এবং মামলা দায়েরের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বিএনপি।
বুধবার বিকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার বিএনপির ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
এই কর্মসূচি পালনকালে শহর বিএনপির সহ সভাপতি আলী আহম্মদ লালা, সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুবদল নেতা রাশেদ আহমেদ টিটুকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়া পুলিশ বাদি হয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহসম্পাদক ও নারায়ণঞ্জ জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে 'বন্ধু' সম্বোধন করে বলেছেন, পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানি করে আন্দোলন সংগ্রাম দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, "অতীতে দেখা গেছে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেইসব মন্ত্রীরাই পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। এই পুলিশই স্বরাষ্ট্রমন্ত্রীদের বেশি বেশি করে পিটিয়েছে।"
অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "একদিন এই পুলিশ টুকুকেই পেছনে হাত কড়া পড়িয়ে গ্রেপ্তার করবে। তখন আমাকেই বন্ধু টুকুকে জামিনে মুক্ত করে আনতে আইনি লড়াই করতে হবে।"
শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24