২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুনানি স্থগিত করা উচিত ছিলো: মওদুদ

খলেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেছেন, ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে করা আদালত অবমাননার আবেদনটি বিচারপতিদের স্বেচ্ছায় স্থগিত করা উচিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খলেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেছেন, ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে করা আদালত অবমাননার আবেদনটি বিচারপতিদের স্বেচ্ছায় স্থগিত করা উচিত ছিলো। বুধবার সকালে হাইকোর্টে আবেদনটি খারিজ হয়ে যাওয়ার পর মওদুদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। শুনানি ছাড়াই এ ধরনের একটি আপিল খারিজ করে দেওয়া 'নজিরবিহীন' বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বক্তব্যকে 'উদ্দেশ্যমূলক' আখ্যায়িত করেছেন। সেনানিবাসের মইনুল রোডের বাড়ি নিয়ে খালেদা জিয়ার করা আদালত অবমাননার আবেদনটি আদালতে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট বেঞ্চ। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে খালেদার আইনজীবী টিএইচ খান বা মওদুদ আহমদ কেউই উপস্থিত ছিলেন না। মওদুদ বলেন, "সুপ্রিম কোর্টের ঐতিহ্য ও নীতি-নৈতিকতার দৃষ্টিভঙ্গিতে বর্তমান আপিল বিভাগের বিচারপতিদের উচিত ছিলো, নিজে থেকেই এ মামলার শুনানি না করা। "যে বিচারপতিগণ স্বামী জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি হিসাবে বেআইনি ঘোষণা করেছেন, সে বিচারপতিগণ এই আপিল শুনানিতে অংশ নিলে বেগম জিয়া সুবিচার পাবেন না বলে আশঙ্কা করেছেন।" মওদুদ জানান, টিএইচ খান ও রফিক-উল-হক মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ারও অনুরোধ করেছিলেন। তারা আদালতকে বলেন, এ বিষয়ে মওদুদ আহমদ একটি আবেদন উত্থাপন করবেন। "কিন্তু আবেদনটি উত্থাপন করতে দাঁড়ালে প্রধান বিচারপতি আমাকে বসতে বলেন। প্রধান বিচারপতি বলেন, মূল আপিল শুনানির আগে তিনি কোনো আবেদনপত্র শুনবেন না।" মওদুদ আরো বলেন, "আপিলটি শুনানি থেকে বাদ দেওয়ার আবেদনের কারণ হলো বর্তমান প্রধান বিচারপতি ২০০৫ সালে পঞ্চম সংশোধনীর ওপর হাইকোর্ট বিভাগের রায়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেআইনিভাবে ক্ষমতায় আরোহণ করেছিলেন বলে ঘোষণা দেন।" উচ্চ আদালতের ওই রায়ে জিয়া রাষ্ট্রপতি হিসাবে তিনি যে সব ক্ষমতা প্রয়োগ করেছিলেন সবই সংবিধান পরিপন্থী ছিলো বলে উল্লেখ করা হয়। এছাড়া জিয়া বেআইনিভাবে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন ও তার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সামিল বলেও বলা হয়। মওদুদ বলেন, "সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল সংশোধনী সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ওই রায়ে বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এসকে সিনহা স্বাক্ষর করেছেন। বর্তমান প্রধান বিচারপতি ও অপর দুই বিচারপতি আপিলটির শুনানি করলে তিনি সুবিচার পেতেন না।" এ কারণে খালেদা জিয়া আপিলের শুনানি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছিলেন বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আদালতের প্রতি অনাস্থা থাকলে খালেদা জিয়া গত ১০ নভেম্বর আদালতে তা বলতে পারতেন।" "মওদুদ আহমদ এক সময় বলেছিলেন, তিনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করে ছাড়বেন", মওদুদের এক সময়ে জাতীয় পার্টিতে থাকার দিকে ইঙ্গিত করে বলেন তিনি। মাহবুবে আলম বলেন, মামলা খারিজের পর এ ধরনের অভিযোগ হাস্যকর ও উদ্দেশ্যমূলক। তিনি বলেন, মামলার শুনানির সময় অনাস্থার আবেদনটি আদালতের সামনে ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭৪০ ঘ.