ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে জয়পুরহাট-১ আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য মোজাহার আলী প্রধান কোন ক্ষমতাবলে ওই পদে বহাল আছেন, তার কারণ জানতে চেয়েছে আদালত।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই আসনের এক ভোটারের রিট আবেদনে এ আদেশ দেয়।
কারণ জানাতে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মোজাহার আলী প্রধানসহ সংশ্লিষ্ট ছয়জনকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
জয়পুরহাট-১ আসনের ভোটার এসএম কাউসারুজ্জামানের রোববার রিট আবেদনটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় মোজাহার আলী মিথ্যা তথ্য দিয়েছেন। তাই তিনি সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন না।
আবেদনটির ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০৫ ঘ.
bdnews24